logo

খাবারে চেতনানাশক মিশিয়ে শ্বশুরবাড়িতে চুরি, জামাইসহ গ্রেপ্তার ২

খাবারে চেতনানাশক মিশিয়ে শ্বশুরবাড়িতে চুরি, জামাইসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তার মো. আজিম ও তহিদুল ইসলাম। ছবি : পুলিশের সৌজন্যে

নীলফামারীর ডোমারে শ্বশুরবাড়িতে চুরি ও লুটের অভিযোগে জামাইসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার হাজীগঞ্জ এলাকার এজাজুল ইসলামের ছেলে মো. আজিম (২৬) ও তফিজ উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম (২৮)।

আজিমের শাশুড়ি ডোমার উপজেলার জামিরবাড়ি হুজুরপাড়া এলাকার বাসিন্দা রেখা বেগম (৪৫) এ ঘটনায় মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল রাতে আজিম তার শ্বশুরবাড়িতে যান। সেখানে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মেশানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে রেখা বেগম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে আজিম ও তার সহযোগী তহিদুল ঘরের ট্রাঙ্ক ভেঙে টাকা-পয়সা নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় গত ৩ এপ্রিল ডোমার থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন রেখা বেগম। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে নিজ নিজ বসতবাড়ি থেকে আজিম ও তহিদুলকে গ্রেপ্তার করে ডোমার থানা-পুলিশ।

মামলার বাদী রেখা বেগম জানান, ঘটনার দিন আজিম ও তার এক বন্ধু তাদের বাড়িতে দাওয়াত খেতে আসেন। তারা খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে দেন। পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে তারা ঘরের ট্রাঙ্ক ভেঙে টাকা-পয়সা নিয়ে যান। এরপর থেকে তারা পলাতক ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডোমার থানার উপপরিদর্শক (এসআই) আঙ্গুর ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।