logo

খুলনায় তিনজনকে গুলির ঘটনায় গ্রেপ্তার নেই, ওসি প্রত্যাহার

খুলনায় তিনজনকে গুলির ঘটনায় গ্রেপ্তার নেই, ওসি প্রত্যাহার
পুলিশ কর্মকর্তা মেহেদি হাসান। ছবি : থানার সৌজন্যে

খুলনায় এক দিনে পৃথক তিনটি ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। তাদের মধ্যে বটিয়াঘাটা উপজেলায় যুবদল ও ছাত্রদলের সাবেক দুই নেতা এবং খুলনা মহানগরীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী রয়েছেন। এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, গ্রেপ্তারও করা যায়নি কাউকে। এর মধ্যে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এসব তথ্য নিশ্চিত করেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র।

গুলিবিদ্ধ তিনজনের মধ্যে সাবেক ছাত্রদল নেতা সোহেল শেখের অবস্থা সংকটাপন্ন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। একই হাসপাতালে যুবদল নেতা অহিদুল ইসলাম বাদলের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। অন্যদিকে, জাপান টোব্যাকো কোম্পানির কর্মী সালমান হাওলাদারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে বটিয়াঘাটা থানার আওতাধীন দুটি এলাকায় এবং খুলনা মহানগরীর সদর থানার নিরালা আবাসিক এলাকায় গুলির ঘটনাগুলো ঘটে।

অহিদুল ইসলাম বাদল বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। সোহেল শেখ আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুখ বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বটিয়াঘাটা থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। মাদক ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে ওই দুই নেতাকে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অপরাধীদের চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

বটিয়াঘাটা থানার নতুন ওসি এস এম মিজানুর রহমান বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, সালমান হাওলাদারকে গুলির ঘটনায় জড়িত কয়েকজনকে চিহ্নিত করা গেছে। তাঁদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তারা আশা করছেন।