logo

আগেই পরিবারের ৬ জনের মৃত্যু, ১ মাস পর মারা গেল শিশুটি

আগেই পরিবারের ৬ জনের মৃত্যু, ১ মাস পর মারা গেল শিশুটি

চট্টগ্রামে হালিশহরে বাসায় বিস্ফোরণের ঘটনায় পরিবারের ৬ সদস্যের পর হাসপাতালে চিকিৎসাধীন শিশু উম্মে আইমান মারা গেছে। 

বুধবার (২৫ মার্চ) রাত ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

উম্মে আইমানের চাচা মো. মিলন এশিয়া পোস্টকে জানান, এর আগে উম্মে আইমানের পরিবারের ৬ সদস্যের মৃত্যু হয়েছিল। তারা হলেন উম্মে আইমানের বাবা, মা, বড় ভাই, দুই চাচা ও এক চাচি।

উম্মে আইমানসহ তার দুই চাচাতো ভাই-বোন গত এক মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন। এখন পরিবারের দুই শিশু বেঁচে আছে। তারা হলো ফারহান (৬) ও আয়েশা (৪)। তারা একই হাসপাতালে চিকিৎসাধীন আছে।

হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামক একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে গত ২৩ ফেব্রুয়ারি ঘটা ওই বিস্ফোরণে পরিবারের ৯ জন গুরুতর দগ্ধ হন। তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে ৬ জন একে একে মারা যান। তারা হলেন গৃহকর্তা সাখাওয়াত হোসেন (৪৯), তার স্ত্রী নূরজাহান আক্তার রানী (৪০), তাদের ছেলে শাওন (১৬), সাখাওয়াতের ছোট ভাই সমীর আহমেদ সুমন (৪০), সুমনের স্ত্রী আশুরা আক্তার পাখি (৩০) এবং সাখাওয়াতের আরেক ভাই শিপন হোসেন (৩০)।