শার্শায় বিজিবির অভিযানে ২৬টি স্বর্ণের বারসহ আটক ১

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে ২৬টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিজিবি জানায়, মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর রুদ্রপুর বিওপির সদস্যরা এ অভযান চালান।
এ ঘটনায় আটক মো. রিপন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
বিজিবি জানায়, বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সামনে অভিযানটি চালানো হয়। সন্দেহভাজন দুইটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন আনুমানিক তিন হাজার ৪০০ গ্রাম।
উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য এবং জব্দ করা দুইটি মোটরসাইকেলের মালিকানা-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে আইনি কার্যক্রম চলমান রয়েছে।
