Advertisement

কাপ্তাই হ্রদে মাছ আহরণে প্রথম দিনেই রেকর্ড

এশিয়া পোস্ট নিউজ, রাঙামাটি
কাপ্তাই হ্রদে মাছ আহরণে প্রথম দিনেই রেকর্ড
রাঙামাটির মৎস অবতরণকেন্দ্রে রেকর্ড পরিমাণ মাছ এনেছেন জেলেরা। ছবি: এশিয়া পোস্ট

দীর্ঘ ১০৫ দিনের নিষেধাজ্ঞা শেষে রাঙামাটির কাপ্তাই হ্রদে আবার শুরু হয়েছে মাছ আহরণ। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) প্রথম দিনেই রেকর্ড পরিমাণ মাছ অবতরণ ও বিপুল রাজস্ব আদায় হয়েছে। ব্যবসায়ী ও জেলেদের মধ্যে ফিরে এসেছে নতুন কর্মচাঞ্চল্য। তবে ঘাটে শৃঙ্খলা রক্ষায় সন্ধ্যা ৭টার পর মাছের ট্রলার বা বোট ভিড়ানোর ওপর কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

Advertisement

বিএফডিসি সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিনেই রাঙামাটির চারটি ঘাটে মোট ১৯৩ টন মাছ অবতরণ হয়েছে, যা গত অর্থবছরের প্রথম দিনের তুলনায় প্রায় ৫৪ শতাংশ বেশি। আর এর মাধ্যমে প্রথম দিনেই সরকারি কোষাগারে জমা হয়েছে ৪২ লাখ ৪০ হাজার টাকার বেশি রাজস্ব।

গত ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিনে চারটি ঘাটে ১২৫ মেট্রিক টন মাছ অবতরণ হয়েছিল, যা থেকে রাজস্ব আদায় হয় ২৭ লাখ ৫৭ হাজার ২৮৭ টাকা।

কাপ্তাই হ্রদে মাছ ধরছেন জেলেরা। ছবি: এশিয়া পোস্ট
কাপ্তাই হ্রদে মাছ ধরছেন জেলেরা। ছবি: এশিয়া পোস্ট

বর্তমানে কাপ্তাই হ্রদের বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়ি, মাইনী, শুভলং, গাছকাটাছড়া ও রাইংক্ষ্যং খালসহ বিভিন্ন এলাকা থেকে মাছ ঘাটে আসছে। ব্যবসায়ীরা শুল্ক পরিশোধের পর বরফ দিয়ে এসব মাছ সংরক্ষণ করে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের উত্তরবঙ্গের বিভিন্ন পাইকারি বাজারে পাঠাচ্ছেন।

কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, দীর্ঘ বিরতির পর হ্রদে মাছ আহরণ শুরু হওয়ায় জেলে ও ব্যবসায়ী পরিবারগুলোতে আনন্দের হাওয়া বইছে।

রাঙামাটি বিএফডিসির উপ-ব্যবস্থাপক মো. মাসুদ আলম বলেন, প্রথম দিনেই রেকর্ড পরিমাণ মাছ অবতরণ হয়েছে। তবে কিছু ক্ষেত্রে দেখা গেছে, প্রথম দিন অনেক ব্যবসায়ী নিয়ম মানেননি। আজ বুধবার থেকে সন্ধ্যা ৭টার পর কোনো মাছের বোট ঘাটে ভিড়তে দেওয়া হবে না। নিয়ম শৃঙ্খলা বজায় রাখলে সারা বছরই কাঙ্ক্ষিত মাছ পাওয়া সম্ভব হবে। তাই এ বিষয়ে সকল ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।

কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে গত ২৫ এপ্রিল থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরবর্তীতে হ্রদের পানির স্তর স্বাভাবিক না হওয়ায় মেয়ার বাড়িয়ে ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত করা হয়। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ১১ আগস্ট (মঙ্গলবার) প্রথম প্রহর থেকে হ্রদে পুরোদমে মাছ শিকার শুরু হয়।

বিষয় :