logo

তেল পাম্পে সিরিয়াল নিয়ে মারামারি, আহত ২

তেল পাম্পে সিরিয়াল নিয়ে মারামারি, আহত ২

নাটোরে একটি পেট্রোল পাম্পে তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৮ এপ্রিল) শহরের স্টেশন বাজার এলাকার ফ্রেন্ডস পেট্রোলিয়াম এজেন্সির পাশেই এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে তেল নেওয়ার জন্য মোটরসাইকেল চালকরা লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় সিরিয়াল নিয়ে স্থানীয় জহুরুল ইসলাম ও এক বাইক চালকের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে একই এলাকার মোজাম্মেল বাবু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে গেলে তিনিও বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং লাঠিসোটা দিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে জহুরুল ইসলাম ও মোজাম্মেল বাবু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জহুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত মোজাম্মেল বাবুকে আটক করে থানায় নিয়ে যায়।

নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান এশিয়া পোস্টকে বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।