সিলেটে এক দিনে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) দুই শিশুর মৃত্যু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।
এ নিয়ে সিলেটে চলতি মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।
এর আগে গত শুক্রবার (২৪ এপ্রিল) এক দিনে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে হাসপাতালের পিআইসিইউতে সিলেটের গোলাপগঞ্জের এক শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির নিউমোনিয়ার পাশাপাশি হামের উপসর্গ ছিল। ২৪ এপ্রিল শিশুটিকে ভর্তি করা হয়েছিল। প্রায় একই সময়ে সুনামগঞ্জের জগন্নাথপুরের এক শিশুর মৃত্যু হয়। মারা যাওয়া শিশুটির নিউমোনিয়া, হার্ট ফেইলিউর ও হামের উপসর্গ ছিল।
এদিকে, সিলেট স্বাস্থ্য বিভাগের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, গতকাল শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন করে কারও হাম শনাক্ত হয়নি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মোট ৮০ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২৬ জন, সুনামগঞ্জে ৩২, মৌলভীবাজারে ১৫ এবং হবিগঞ্জে ৭ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল ১৯০ শিশু।
এর আগে শনিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে তিন শিশু মারা গেছে। মারা যাওয়া এই তিন শিশুর মধ্যে একজন সিলেটের জালালাবাদ এলাকার ৯ মাস বয়সি হুমায়রা, সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ছাড়া অপর দুজন হলো সুনামগঞ্জের দিরাই উপজেলার ১০ মাস বয়সী আরিফ ও ৫ মাস বয়সী তউফিক। তারা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।