ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই শিশুর লুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হামদু মিয়া (৫৩) পাইকপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে হামদু মিয়ার ছেলে নীরব (১১) ও একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) লুডু খেলাকে কেন্দ্র করে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এ সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার জেরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলার একপর্যায়ে হামদু মিয়া বল্লমের আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় তার আট বছর বয়সি ছেলে হাসানও গুরুতর আহত হয়।
সংঘর্ষে প্রতিপক্ষের লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া ও ইসলাম মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, দুই শিশুর লুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.png)






