ঘরে গৃহবধূর থেঁতলানো মরদেহ, স্বামীসহ আটক ৩

বরগুনা সদর উপজেলায় নিজ ঘর থেকে আলম তাজ নামে এক গৃহবধূর থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীসহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার নলটোনা ইউনিয়নের আগাপদ্মা এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (৭ মার্চ) বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আলম তাজ নলটোনা ইউনিয়নের আবুল হাওলাদারের স্ত্রী। তাদের তিন সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলম তাজ বাড়িতে একা ছিলেন। লোহার শাবল দিয়ে তাকে একাধিক আঘাত করা হয়। মুখমণ্ডল থেঁতলে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠায়।
নিহতের স্বজন চম্পা আক্তার বলেন, প্রথমে আগুন লাগার কথা শুনে লোকজন ছুটে যায়। পরে ঘরের বারান্দায় আলম তাজের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল।
নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ বলেন, এটি একটি নির্মম হত্যাকাণ্ড। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আমাদের তদন্ত অব্যাহত আছে। নিহতের স্বামীসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বরগুনা র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাহউদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। একটি লোহার শাবল জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শাবল দিয়ে আঘাত করে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।