logo

নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ল ট্রাক, অন্তঃসত্ত্বা নারী নিহত

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে পড়ল ট্রাক, অন্তঃসত্ত্বা নারী নিহত
ছবি : এশিয়া পোস্ট

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর আটাবোঝাই ট্রাক উল্টে সুরাইয়া বেগম (২৬) নামের পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মালেঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া বেগম সদর উপজেলার নিজড়া গ্রামের মিনাপাড়ার শামীম খান ওরফে তামিমের স্ত্রী। তারা মালেঙ্গা এলাকায় একটি টিনশেড ঘর ভাড়া নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি আটাবোঝাই ট্রাক মালেঙ্গা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের টিনশেড ঘরটির ওপর উল্টে পড়ে। ওই সময় ভেতরে ঘুমিয়ে থাকা সুরাইয়া ট্রাক ও আটার বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আটার বস্তা ও ট্রাক সরিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।