logo
Advertisement

নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেতে মিলল বৃদ্ধার মরদেহ

নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেতে মিলল বৃদ্ধার মরদেহ
মরদেহ উদ্ধারের সময় স্থানীয় উৎসুক মানুষের ভিড়। ছবি : এশিয়া পোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বেদভিটা গ্রামে ৩ দিন ধরে নিখোঁজ থাকা পরি রানী হাজরা (৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ির পাশের পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরি রানী হাজরা ওই গ্রামের তুলশি হাজরার স্ত্রী।

নিহতের ছেলে মৃণাল হাজরা জানান, গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে তার মা নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। সোমবার দুপুরে বাড়ির সামনের রাস্তার পাশের একটি পাটক্ষেত থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তিনি সেখানে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান।

মৃণাল হাজরার অভিযোগ, কানের ও নাকের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে দুর্বৃত্তরা তার মাকে হত্যা করে মরদেহ পাটক্ষেতে ফেলে রেখে গেছে। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরি রানীর মৃত্যুর প্রকৃত কারণ এবং স্বজনদের অভিযোগের সত্যতা ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে। রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।