logo
Advertisement

নাটোরে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক রোগী হাসপাতালে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
নাটোর, রাজশাহী
নাটোরে হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক রোগী হাসপাতালে
হাসপাতালে ডায়রিয়া রোগীদের চাপ। ছবি: এশিয়া পোস্ট

নাটোর পৌর এলাকায় হঠাৎ করেই আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ করে ডায়রিয়ার রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডায়রিয়া আক্রান্ত রোগীদের মধ্যে বড় একটি অংশই নাটোর পৌরসভার কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া, রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা।

রাজু আহমেদ, ফয়সাল আহমেদ, মিতু বেগমসহ কয়েকজন রোগী জানান, নাটোর পৌরসভার সরবরাহ করা পানীয় জল খাওয়ার পর থেকেই তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বুধবার থেকে হঠাৎ পেট খারাপ ও বমি শুরু হয় তাদের। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হয়েছেন তারা।

হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ শাহিদা খাতুন বলেন, এভাবে রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। তবে হাসপাতালে পর্যাপ্ত ওষুধসহ স্যালাইন মজুত রয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, প্রতিবছরই বছরের এই সময়ে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পায়। এ বছরও রোগীর সংখ্যা বেড়েছে। গত এক সপ্তাহে প্রায় ৫০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত প্রায় ৮০ থেকে ৯০ কিংবা ১০০ জনের মতো রোগী এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্যালাইনের প্রয়োজনীয় মজুত ও পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। ঋতু পরিবর্তন এবং অনিরাপদ পানির কারণে এই সমস্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই সবাইকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।