শাহজালাল মাজারের দানবাক্সে ১৯ দিনে ৪৭ লাখ ১০ হাজার টাকা

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
শাহজালাল মাজারের দানবাক্সে ১৯ দিনে ৪৭ লাখ ১০ হাজার টাকা
হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেক খুলে প্রকাশ্যে টাকা গণনা করা হয়। ছবি : এশিয়া পোস্ট

হজরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দানবাক্সের টাকা গণনা হয়েছে। দ্বিতীয় দফার গত ১৯ দিনে মাজারের দানবাক্স ও ডেগগুলোতে ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা জমা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দিনভর গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় অর্থের হিসাব উপস্থাপন করেন মাজার ব্যবস্থাপনায় গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্য ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এদিন বেলা ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সিলগালা করা ডেগ ও নতুন দানবাক্সগুলো থেকে ৫ বস্তা টাকা বের করে গণনা শুরু হয়। শাহজালাল (রহ.) মাজার মাদ্রাসার শিক্ষার্থীরা এই টাকা গণনা কার্যক্রমে অংশ নেয়।

টাকা গণনার সময় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাজার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২২ জুন তৎকালীন জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো মাজারের দানবাক্স খোলা হয়েছিল। সে সময় মাত্র ৪ দিনে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা হয়েছিল। প্রথমবার ১০০০ ও ৫০০ টাকার নোটের আধিক্য বেশি থাকলেও, এবার ১৯ দিনের মাথায় সংগৃহীত ৪ বস্তা টাকার মধ্যে সংখ্যার দিক থেকে ১০ ও ৫০ টাকার মতো ছোট নোটের পরিমাণই সবচেয়ে বেশি দেখা গেছে।

মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গঠিত বিশেষ কমিটির অধীনে এই অর্থ সোনালী ব্যাংকে মাজারের নামে খোলা নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা রাখা হবে।

বিষয় :সিলেট