logo

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
ছবি: এশিয়া পোস্ট

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ৪৬ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৯৩ শিশু।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল বুধবার বিকেল পৌনে তিনটায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা এলাকার ৮ মাসের শিশু মেয়েকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শিশুটি হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় ভুগছিল। ভর্তির এক ঘণ্টা পরই চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৭ মার্চ থেকে ৪ জুন সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৮৫২ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৬ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ১ হাজার ৭১৩ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।