logo

মাছের ঘেরে শাক-সবজির আড়ালে চলছিল গাঁজা চাষ, হয়নি শেষ রক্ষা

মাছের ঘেরে শাক-সবজির আড়ালে চলছিল গাঁজা চাষ, হয়নি শেষ রক্ষা
গাঁজার চারা হাতে আটক আব্দুল্লাহ মালি। ছবি: এশিয়া পোস্ট

খুলনার কয়রায় মাছের ঘেরের পাড়ে অভিনব কৌশলে শাক-সবজির সঙ্গে গাঁজা চাষ করছিলেন আব্দুল্লাহ মালি (৩৫) নামের এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি। গোপন খবরে আকস্মিক অভিযানে তাকে আটক করে কয়রা থানা-পুলিশের একটি চৌকস দল।

রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় রোপণ করা অবৈধ গাঁজা গাছগুলো উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাছ চাষের পাশাপাশি ঘেরে গাঁজা গাছ চাষ করা হচ্ছে। এ সংবাদের সত্যতা যাচাইয়ে পরিচালিত অভিযানে গাছগুলো জব্দ এবং আব্দুল্লাহ মালিকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম এশিয়া পোস্টকে বলেন, মাছের ঘেরে অভিযান চালিয়ে চারটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। এসময় আব্দুল্লাহ মালি নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।