লক্ষ্মীপুরে হোটেল দখলের মামলায় বিএনপির ৬ নেতাকর্মীর বিরুদ্ধে পরোয়ানা

লক্ষ্মীপুরের রায়পুরে একটি হোটেল দখলের চেষ্টার মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জারিকারক মো. মাসুদ।
পরোয়ানাভুক্তরা হলেন—রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, উপজেলা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু ও রাসেল এবং জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, রায়পুর বাজারের প্রধান সড়কে শাহী হোটেলের অবস্থান। হোটেলটি গত ৩ জুলাই দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ তোলেন এর মালিক হাবিব উল্যা। তার অভিযোগ, দখলচেষ্টাকালে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।
ঘটনার পর নিজের ব্যবসা ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন হাবিব উল্যা। পরবর্তীতে ৮ জুলাই রায়পুর আদালতে ভূমি নিরোধ আইনে মামলা করেন তিনি। মামলায় উল্লিখিত ছয়জনকে আসামি করা হয়।
আদালতের জারিকারক মো. মাসুদ জানান, মামলার পর পুলিশ প্রতিবেদন দাখিল করে। সোমবার আদালত বাদী ও সাক্ষীদের বক্তব্য শোনেন। পরে অভিযোগের বিষয়ে শুনানি শেষে ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।
হোটেল মালিক হাবিব উল্যা বলেন, আমি আইনের মাধ্যমে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই। বর্তমানে ব্যবসা ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিয়েও শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছি।


