logo

প্রবাসীকে আনতে গিয়ে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২

প্রবাসীকে আনতে গিয়ে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষ, নিহত ২
জুবায়েদুল ইসলাম ও ফেরদৌস মণ্ডল। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসী স্বজনকে আনতে গিয়ে সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের সিরাজগঞ্জের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ক্ষেতলাল উপজেলার বাড়ইল গ্রামের আছের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (২৭) এবং আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফারুক মণ্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মণ্ডল (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেতলালের বাড়ইল গ্রামের প্রবাসী সুজন মিয়া বুধবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে আনতে তার ঘনিষ্ঠ বন্ধু জুবায়েদুল ইসলাম, পরিবারের সদস্য ও স্বজনসহ কয়েকজন ফেরদৌস মণ্ডলের ভাড়া করা মাইক্রোবাস নিয়ে ঢাকায় যান।

বিমানবন্দর থেকে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে মাইক্রোবাসটি নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিপরীত লেনে চলে যায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ফেরদৌস মণ্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম নিহত হন। দুর্ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর এলাকায় পৌঁছানোর পর নিহতদের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। জুবায়েদুল ইসলামের আট বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। স্বামীর মৃত্যুর খবর শুনে তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন বলে স্বজনেরা জানিয়েছেন।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।