তেল মজুত করে বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত রেখে সরকার দামের বেশি দামে বিক্রির অভিযোগে মো. জামরুল মিয়া নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ এপ্রিল) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা-উল হুসনা এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার তিনানীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জামরুল মিয়া স্থানীয় একটি ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করে নিজ দোকানে মজুত রাখতেন। পরে সেই তেল সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করতেন। এমন অভিযোগের ভিত্তিতে প্রশাসন অভিযান চালালে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়ায় দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অনিয়ম রোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।