Advertisement

আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

এশিয়া পোস্ট নিউজ
আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

বগুড়ার শাজাহানপুরে আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মজুত রাখা কৃষিপণ্য ও কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে দেড় লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৪ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের বয়ড়াদীঘি গ্রামে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী আমিনুল ইসলাম আকাশ বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক। 

শাজাহানপুর ফায়ার সার্ভিসের লিডার দেলোয়ার হোসেন জানান, পরিত্যক্ত মাটির ওই বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না। খবর পেয়ে ভোর ৪টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আত্মগোপনে থাকা আমিনুল ইসলাম গণমাধ্যমে দাবি করেন, রাজনৈতিক শত্রুতার জেরে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে, যাতে আতঙ্ক সৃষ্টি করা যায়। আগুনে মজুত রাখা বিভিন্ন কৃষিপণ্য ও দোকানের কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে গেছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এশিয়া পোস্টকে বলেন, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।