logo
Advertisement

পঞ্চগড়ে দুই পুলিশ সদস্যের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

এশিয়া পোস্ট নিউজ,পঞ্চগড়
পঞ্চগড়ে দুই পুলিশ সদস্যের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জুয়া, মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য।

Advertisement

বৃহস্পতিবার (২১ মে) উপজেলার ভজনপুর ইউনিয়নের সংগঠন ও মূর্খাজোত সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

আহতরা হলেন তেঁতুলিয়া মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল ও তুহিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এএসআই সোহেল ও তুহিন সিভিল পোশাকে মোটরসাইকেলে করে ওই এলাকায় তথ্য সংগ্রহে যান। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলি উল্টে গেলে তারা ঘটনাস্থলে গিয়ে ট্রলিতে থাকা ব্যক্তিদের উদ্ধারে সহায়তা করেন।

উদ্ধারকাজ চলাকালে স্থানীয় কিছু লোকের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে, পুলিশের উপস্থিতির কারণেই ট্রলিটি দুর্ঘটনার শিকার হয়েছে। একপর্যায়ে উত্তেজিত জনতা দুই পুলিশ সদস্যকে ঘিরে ধরে তাদের মারধর করে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আহত পুলিশ সদস্যরা থানায় খবর দেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।