মুক্তির দুই মাস পর শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি আবারো গ্রেপ্তার

সাড়ে তিন মাস জেল খেটে বের হওয়ার দুই মাসের মাথায় আবারো পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা ঐক্য পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহিদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৭)।
রোববার (১৮ অক্টোবর) তাকে নতুন একটি মামলায় গ্রেপ্তার করে আদালতে পাঠায় চট্টগ্রামের হালিশহর থানা পুলিশ। এর আগে শনিবার রাতে এক বিশেষ অভিযানে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
হালিশহর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন এশিয়া পোস্টকে বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ‘আই-ব্লক’ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাপ্ত তথ্যানুযায়ী, গ্রেপ্তারকৃত মো. শহিদুল ইসলাম প্রকাশ রুবেল (৩৭) ফেনীর সদর থানার ১৩নং ফরহাবাদ ইউনিয়নের দক্ষিণ ফরহাদনগর গ্রামের কামাল পাশা ও রিজিয়া বেগম দম্পতির সন্তান। বর্তমানে তিনি খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটির এসএইচ হিল ডেইলে বসবাস করছিলেন।
রুবেলের আইনজীবী নাজমুল হাসান এশিয়া পোস্টকে বলেন, একটি হোটেলে মতবিনিময় সভা করার অভিযোগে গত ৩ মে তাকে গ্রেপ্তার করা হয়। সে মামলায় জামিন করার পর ১ আগস্ট আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সাড়ে তিন মাস জেল খেটে ১৭ আগস্ট জামিন পাওয়ার পর গতরাতে তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে। এগুলো স্পষ্ট রাজনৈতিক হয়রানি।
