অপহরণের অভিযোগকারী নেতাসহ দুইজনকে অব্যাহতি দিল এনসিপি

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
অপহরণের অভিযোগকারী নেতাসহ দুইজনকে অব্যাহতি দিল এনসিপি
এনসিপির লোগো। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছেন। অপহরণের অভিযোগকারী নেতাকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বলা হচ্ছে, দলীয় কোন্দলের জেরে পাল্টাপাল্টি এসব ঘটনা ঘটেছে।

Advertisement

অব্যাহতি পাওয়া নেতারা হলেন, এনসিপির মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির জুলাই গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন এবং যুগ্ম সদস্যসচিব কামরুল হাসান।

শুক্রবার রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক পত্রে বলা হয়, কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন তাদেরকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশাম হকের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

অব্যাহতি দেওয়ার দিন শুক্রবার রাত ১১টার দিকে আব্দুল্লাহ আল হোসাইন শ্রীমঙ্গল থানায় অভিযোগ দেন, তাকে রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে জুনেদের নেতৃত্বে দলের কয়েকজন নেতাকর্মী গলায় ছুরি ধরে জোরপূর্বক একটি গাড়িতে তুলে শ্রীমঙ্গলের দিকে নিয়ে যান।

আব্দুল্লাহ আল হোসাইন পুলিশকে জানান, তাকে এহসান জাকারিয়ার সঙ্গে বিরোধে জড়ালে হত্যা করে গুম করে ফেলার হুমকি দেওয়া হয়। রাত ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের ২ নম্বর পুল এলাকায় তাকে নামিয়ে দেওয়া হয়।

এহসান জাকারিয়া এনসিপির মৌলভীবাজার জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। ঘটনা নিয়ে জানতে তার ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

পুলিশ জানা যায়, শুক্রবার মৌলভীবাজার সফর করেন দলটির কয়েকজন কেন্দ্রীয় নেতা। তাদের গাড়িবহর কুলাউড়ার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় জেলা এনসিপির সদস্যসচিব রুহুল আমিন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার সঙ্গে ছাত্রশক্তি, যুবশক্তি এবং এনসিপির কয়েকজন নেতাকর্মীর মধ্যে আমন্ত্রণ, কর্মসূচি ব্যবস্থাপনা ও কেন্দ্রীয় নেতাদের গাড়িতে অবস্থানকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়।

কুলাউড়ায় কর্মসূচির সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। কর্মসূচি শেষে মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কে এহসান জাকারিয়ার সঙ্গে আব্দুল্লাহ আল হোসাইনের কথা-কাটাকাটি হয়। রাতে আব্দুল্লাহ আল হোসাইন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দেন।

অপহরণের অভিযোগের বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি এনসিপির অভ্যন্তরীণ কোন্দল ও বিরোধের জেরে ঘটেছে বলে জানা গেছে। এতে দলের নিজস্ব নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিষয়টি পরিকল্পিত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি এবং অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে।