গাড়ির কাগজ চাওয়ায় পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ

সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন বাইপাস পয়েন্টে গাড়ি থামিয়ে কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ এক মোটরসাইকেল আরোহী বিরুদ্ধে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানের সময় এ ঘটনা ঘটে। আহত হন পুলিশ সদস্য খসরু হাসান (৪০) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, ভোলাগঞ্জ থেকে সিলেটগামী একটি মোটরসাইকেল (এপাচি ভার্সন-৩) নগরের এয়ারপোর্ট রোডের বাইপাস এলাকায় পৌঁছালে সেটি থামাতে সিগন্যাল দেয় পুলিশ। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলের কাগজপত্র ও গাড়ি তল্লাশি করেন। এ সময় পুলিশ সদস্য খসরু হাসানের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মোটরসাইকেল চালক। একপর্যায়ে ওই চালক ক্ষিপ্ত হয়ে খসরু হাসানের ওপর হামলা চালান এবং তাকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন ও অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে আসতে দেখে মোটরসাইকেল চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, আহত অবস্থায় কনস্টেবল খসরুকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় জড়িত মোটরসাইকেল চালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।