logo
Advertisement

দিনাজপুরে শ্রমিক নেতা গ্রেপ্তার, সড়ক অবরোধ, থানা ঘেরাও

এশিয়া পোস্ট নিউজ,দিনাজপুর
দিনাজপুরে শ্রমিক নেতা গ্রেপ্তার, সড়ক অবরোধ, থানা ঘেরাও
দিনাজপুরে থানার সামনে লুটিয়ে আছেন এক শ্রমিক ও সড়ক অবরোধে আটকে আছে যানবাহন। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

দিনাজপুরে শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তারের ঘটনায় সড়ক অবরোধ করে জেলা থেকে সব রুটে যান চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। তারা থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

Advertisement

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে থানা ঘেরাও করেন শ্রমিকরা। পুলিশ বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে, বুধবার রাত ৯টার দিকে শ্রমিক নেতা শেখ বাদশাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। খবর ছড়িয়ে পড়লে বুধবার রাত থেকে পরিবহন শ্রমিকরা দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুর শহরের সরকারি কলেজ মোড়, ফুলবাড়ি বাসস্ট্যান্ড, বালুয়াডাঙ্গাসহ শহরের সবকটি প্রবেশপথ যানবাহন দিয়ে ব্যারিকেড দিয়ে রাখেন তারা।

আব্দুস সালাম নামে এক শ্রমিক বলেন, শেখ বাদশাকে না ছাড়লে আমরা সড়ক অবরোধ তুলে নেব না। আমরা দ্রুত তার নিঃশর্ত মুক্তি চাই।

পরিবহন শ্রমিক নেতা আব্দুল কাইয়ুম বলেন, শেখ বাদশাকে ‘৫ আগস্টের’ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এটা শ্রমিক সংশ্লিষ্ট কোনো বিষয় নয়, রাজনৈতিক বিষয়। আদালতের মাধ্যমে জামিন নিতে পারে। অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করা ঠিক নয়।

দিনাজপুর কোতোয়ালি ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর নবী জানান, শেখ বাদশার বিরুদ্ধে থাকা পূর্বের এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আনোয়ার হোসেন বলেন, শেখ বাদশা তিন মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করার পর অধিকাংশ শ্রমিকরা জানিয়েছেন তারা বিষয়টি আইনি সমাধানে আমাদের সহযোগিতা করবেন। শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশ থানার গেটে বাস এবং ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। আমরা কথা বলেছি, আলোচনা করেছি। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে।

বিষয় :