Advertisement

ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিকের গলায় ফাঁস

এশিয়া পোস্ট নিউজ, যশোর
ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিকের গলায় ফাঁস
সাংবাদিক ছাকিন হোসেন। ছবি: সংগৃহীত

‘বিদায় পৃথিবী, সুখে থেকো’—সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে ছাকিন হোসেন (২৭) নামের যশোরের এক সাংবাদিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে যশোর সদরের শেখহাটি তরফ নওয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ছাকিন ওই এলাকার রমজান আলীর ছেলে। তিনি স্থানীয় দৈনিক ‘সুবর্ণভূমি’ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে পারিবারিক নানা সমস্যায় ভুগছিলেন ছাকিন। বৃহস্পতিবার রাতে নিজ ঘরে গলায় রশি দিয়ে ফাঁস দেন তিনি। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, স্বজনেরা হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

নিহতের স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে স্ত্রী-সন্তান ও পারিবারিক বিষয়াদি নিয়ে স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না ছাকিনের। এ কারণে তার স্ত্রী গত ঈদুল ফিতরের পরদিন বাবার বাড়িতে চলে যান এবং আর ফিরে আসেননি। এ নিয়ে চরম মানসিক হতাশায় ভুগছিলেন তিনি। গলায় ফাঁস দেওয়ার আগে ওই দিন দুপুরেই আত্মহত্যার উদ্দেশ্যে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেছিলেন ছাকিন। খবর পেয়ে তার সহকর্মীরা দ্রুত বাড়িতে যান।

ছাকিনের সহকর্মী রাব্বী আল আমিন বলেন, দুপুরে তার বাড়িতে গিয়ে আমরা পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করি এবং স্ত্রীর সঙ্গে তার কথা বলিয়ে দিই। সন্ধ্যায় তার অফিসে আসার কথা ছিল। কিন্তু তিনি আর অফিসে না এসে রাতে এমন সিদ্ধান্ত নেন। পরে আমরা তার আত্মহত্যার খবর পাই।

বিষয় :যশোর