মাদারীপুরে পুলিশের স্ত্রীকে পিটিয়ে হত্যা, উত্তপ্ত এলাকায় পুলিশ মোতায়েন

মাদারীপুরের সদর উপজেলায় বাজি ফোটানোকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামের বাসিন্দা তোলক শিকদার, মনির শিকদার ও রবি শিকদার।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে গ্রামের কয়েকজন শিশু পটকাবাজি ফোটাচ্ছিল। এ সময় বাজির ফুলকি গিয়ে পড়ে প্রতিবেশী মন্টু শিকদারের স্ত্রী অমৃতি শিকদারের কাপড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী বনানী শিকদারের সঙ্গে প্রতিবেশীদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিবেশী মন্টু শিকদার উত্তেজিত হয়ে হালচাষের লাঠি দিয়ে বনানীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। আহত অবস্থায় স্থানীয়রা বনানীকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
শ্রীনদী ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।