logo

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৪৫ মিনিট

বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৪৫ মিনিট

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছেন এক লাখ সাত হাজার ৬৫১ জন। এরমধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন আছেন ৬৫ জন। তাদের জন্য রাখা বিশেষ সুবিধা। পরীক্ষায় তারা পাবেন অতিরিক্ত ৪৫ মিনিট সময়। প্রয়োজনে শ্রুতিলেখক ব্যবহারের সুযোগ রয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা দেন শিক্ষার্থীরা।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) সিরাজুল ইসলাম জানান, প্রতিটি বিষয়ের পরীক্ষার নির্ধারিত সময় তিন ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৪৫ মিনিট বরাদ্দ রয়েছে। যা আগে ছিল ৩০ মিনিট। এ ছাড়া যেসব শিক্ষার্থী শারীরিকভাবে লিখতে অক্ষম, তাদের জন্য শ্রুতিলেখক (স্ক্রাইব) সুবিধাও নিশ্চিত করা হয়েছে।

এই বোর্ডে মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন ৫৬ হাজার ৮৮৮ জন। বিজ্ঞান বিভাগে রয়েছে ৪৬ হাজার ৪১ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে চার হাজার ৭২২ জন পরীক্ষার্থী।

পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ৭৮ হাজার ৫৭৬ জন এবং অনিয়মিত (আংশিকসহ) ২৭ হাজার ৬৫৭ জন। এ ছাড়া অনিয়মিত (পুরোপুরি) পরীক্ষার্থী রয়েছে এক হাজার ৩০৪ জন এবং মানোন্নয়ন পরীক্ষার্থী রয়েছে ১১৪ জন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ আখতারুজ্জামান ফরিদ বলেন, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতাধীন মোট ১৮৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যার আওতায় রয়েছে এক হাজার ৩৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতিটি কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। পরীক্ষা যেন অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।