logo

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে দুই প্রবাসীর মরদেহ। ছবি: এশিয়া পোস্ট

সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে (বিজি-২০৬) তাদের মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর প্রবাসী কল্যাণ ডেস্ক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। পরে মরদেহ পরিবার দুটির সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাজউদ্দিন জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহত দুজনের পরিবারকে প্রাথমিকভাবে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাদের পরিবারকে আরও ৩ লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।

নিহত দুই প্রবাসী হলেন সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ।

নিহত আব্দুল করিমের ভাতিজা বোরহান উদ্দিন জানান, কফিনবাহী মরদেহ দুটি গ্রহণ করে তারা এরই মধ্যে গ্রামের বাড়িতে নিয়ে গেছেন। এই সময় স্থানীয় বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আছরের নামাজের পর গ্রামে মসজিদে দুই জনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।

গত ৭ সেপ্টেম্বর সৌদি আরব থেকে দেশে ফিরছিলেন আব্দুল করিম, তার ছেলেসহ পাঁচজন। গ্রামের খালিদ আহমদ নিজ গাড়িতে করে তাদেরকে বিমানবন্দরে পৌঁছে দিচ্ছিলেন। তায়েফ শহর থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হয়ে আল-খুরমা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তারা। এতে চালক খালিদসহ চারজন ঘটনাস্থলে মারা যান। নিহত আব্দুল করিমের ছেলে আহত হলেও প্রাণে বেঁচে যান।

দুর্ঘটনার পর নিহত ব্যক্তিদের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। প্রায় এক মাস পর আজ তাদের মধ্যে সিলেটের দুই প্রবাসীর মরদেহ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।