গড়াইয়ে ৪ বছর পর নৌকাবাইচ, নদীর দুই তীরে হাজারো মানুষের ঢল

প্রায় চার বছর পর কুষ্টিয়ার গড়াই নদীর বুকে আবারও ফিরে এসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ছন্দময় বৈঠার টানে নদীর বুক চিরে ছুটে চলা নৌকা আর দুই পাড়ের হাজারো মানুষের উচ্ছ্বাসে শুক্রবার বিকেল থেকে উৎসবের রঙে মুখর হয়ে ওঠে গড়াই নদীর তীর।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় তিন দিনব্যাপী এ নৌকাবাইচ প্রতিযোগিতা। দুপুর থেকেই কুষ্টিয়ার ঘোড়াই ঘাট থেকে হরিপুর ব্রিজ এলাকা পর্যন্ত নৌকাবাইচকে ঘিরে মানুষের ঢল নামে।
নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। মেলায় দেশীয় খাবার, খেলনা ও বিভিন্ন ধরনের সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শিশু-কিশোরদের পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ঘুরতে দেখা যায় অনেককে।
স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার প্রথম দিনে সাতটি নৌকা অংশ নেয়। আগামী রোববার ফাইনাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।
চার বছর পর গড়াই নদীর বুকে ফিরে আসা এ নৌকাবাইচকে ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নদীর তীরের মেলা আর নৌকার প্রতিযোগিতা মিলে একসঙ্গে ফুটে উঠেছে গ্রামবাংলার সেই চেনা উৎসবের আবহ।
আয়োজকরা জানান, নৌকাবাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি গ্রামবাংলার দীর্ঘদিনের লোকজ সংস্কৃতি ও মানুষের মিলনমেলার অংশ। হারিয়ে যেতে বসা এ ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং স্থানীয় মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আয়োজক কমিটির আহ্বায়ক ইমরান হোসেন ইউনুস বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতেই আমরা এ নৌকাবাইচের আয়োজন করেছি। দীর্ঘদিন ধরে এ ধরনের আয়োজন না থাকায় যুবসমাজের একটি অংশ মাদকসহ নানা অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা এবং নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।
কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। অনুষ্ঠানের উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এতে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুস।
অনুষ্ঠানে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, প্রতিবছর যেন এ নৌকাবাইচের আয়োজন অব্যাহত থাকে, সেই ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাগুলোও নিয়মিত আয়োজনের উদ্যোগ নিতে হবে। এসব আয়োজন আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি যুবসমাজকে মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


