মাদকসেবনের সময় কৃষকদলের সাবেক নেতাসহ গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে কৃষকদলের সাবেক নেতা জাকির হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন (৪০) সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আটি হাউজিং এলাকার বাসিন্দা। গ্রেপ্তার অপর চারজন হলেন সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ের ফকিরবাড়ী এলাকার মামুন গাজী (৩৮), আটি হাউজিংয়ের ফকিরবাড়ী এলাকার আমির হোসেন (৩৮), ভূমিপল্লী এলাকার হৃদয় হোসেন (২৭) এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দাসের হাওলা এলাকার আমিনুল ইসলাম মুসা (৪১)।
পুলিশের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থলে মাদকসেবনরত অবস্থায় পাঁচজনকে পাওয়া যায়। তাদের বিরুদ্ধে এলাকায় মাদকসেবন এবং মাদকসেবীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক এশিয়া পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসেবনরত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবন ও মাদকসেবীদের আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।


