logo

তিন ট্রাক ও এক বাসের সংঘর্ষ, আহত ১৫

তিন ট্রাক ও এক বাসের সংঘর্ষ, আহত ১৫

তিন ট্রাক ও এক বাসের সংঘর্ষ, আহত ১৫

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরে তিনটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কে একটি খালি ট্রাক ইউ-টার্ন নেওয়ার সময় ঢাকাগামী আলুবোঝাই রিজভী পরিবহনের একটি দ্রুতগতির ট্রাক সেখানে পৌঁছে। এটি সংঘর্ষ এড়ানোর চেষ্টা করলেও পেছন থেকে আসা সবুরা পরিবহনের আরেকটি ট্রাক সেটিকে জোরে ধাক্কা দেয়। এতে রিজভী পরিবহনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। 

এরপর পেছন থেকে আসা ঢাকাগামী এসআই পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ১৫ জন আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় ব্যক্তিরা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণে ঢাকা-বগুড়া মহাসড়কের এক পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যাত্রী ও চালক ভোগান্তিতে পড়েন।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন জানান, আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং সড়কে আটকে থাকা যানবাহন সরাতে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।