logo
Advertisement

নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার

নদীতে গোসলে নেমে নিখোঁজ, দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার
মানচিত্রে সুনামগঞ্জ। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নদীতে গোসলে নেমে ডুবে নিখোঁজ হওয়ার দুদিন পর মাহি আহমদ নামে ছয় বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উটপজেলার ইটাখলা নদীর শিবগঞ্জ বাজারের খাশিয়াপাড়া খেয়াঘাট নামক এলাকায় নদীতে মরদেহটি ভেসে ওঠে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে পাইলগাঁও ইউনিয়নের ইটাখলা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল শিশু মাহি আহমদ। সে পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর (বুধরপুর) গ্রামের মিশুক চালক আক্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের মিশুক চালক আক্তার মিয়ার ছেলে মাহি আহমদ ইটাখলা নদীতে গোসলের সময় ডুবে যায়। খবর পেয়ে সুনামগঞ্জ শহর থেকে ফায়ার সার্ভিসের একদল ডুবুরি ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালালেও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের দুদিন পর রোববার সকালে নদীর পানিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শুক্রবার গোসল করার সময় পানিতে ডুবে নিখোঁজ হয়েছিল শিশু মাহি। ওই দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি। রোববার মরদেহ উদ্ধার করা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।