লক্ষ্মীপুরে ১৮৪ কিশোর আটক, সন্তানের আড্ডায় নজর রাখার আহ্বান পুলিশের

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী পুলিশের বিশেষ অভিযানে ১৮৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে ১৫৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত জেলার ছয়টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। পাঁচ ঘণ্টার অভিযানে প্রথমে ১৮২ জনকে আটক করা হয়। পরে আরও দুজনকে আটক করায় মোট আটক ব্যক্তির সংখ্যা দাঁড়ায় ১৮৪ জনে।
পুলিশ জানায়, বিভিন্ন থানা এলাকার যেসব স্থানে কিশোর ও উঠতি বয়সী তরুণদের আড্ডা এবং বখাটেপনার অভিযোগ রয়েছে, সেসব স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে লক্ষ্মীপুর সদর থানায় ৬৪ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ২০ জন, রামগঞ্জ থানায় ২৪ জন, রামগতি থানায় ১৩ জন, কমলনগর থানায় ১৭ জন এবং ডিবি পুলিশের অভিযানে ২৩ জনকে আটক করা হয়। পরে আরও দুজনকে আটক করা হয়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) আবু তারেক বলেন, পাঁচ ঘণ্টার অভিযানে প্রথমে ১৮২ জনকে আটক করা হয়েছিল। পরে আরও দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে কারাগারে পাঠানো হয়েছে। যাচাই-বাছাই শেষে ১৫৯ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, মূলত কিশোর ও উঠতি বয়সী তরুণদের অপরাধ থেকে দূরে রাখা এবং তাদের সচেতন করার লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অনেক কিশোর-তরুণ বিভিন্নস্থানে অপ্রয়োজনে আড্ডা দিচ্ছে। তাদের বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, কিশোর অপরাধ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
