কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

কুষ্টিয়ায় দুই দফা দাবিতে শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে কুষ্টিয়ার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মালিক পক্ষের কাছে শ্রমিকদের দাবি আদায়ের আল্টিমেটামে সাধারণ যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। তবে সচল রয়েছে ঢাকাগামী দূরপাল্লার বাসগুলো। ভোর থেকেই কুষ্টিয়া-মেহেরপুর, প্রাগপুরসহ অভ্যন্তরীণ সব রুটের চাকা বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। শুধু তাই নয়, কুষ্টিয়া থেকে খুলনা, যশোর, বরিশাল, রাজশাহী ও পাবনাগামী বড় রুটের বাস চলাচলও পুরোপুরি বন্ধ রয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন।
কুষ্টিয়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বলেন, বাস মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত রয়েছে। অথচ আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। দুই দাবিতে মালিক গ্রুপের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে।
এর আগে, গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল। কিন্তু দাবি না মানাই শুক্রবার সকাল থেকে মালিক গ্রুপের বাস মিনিবাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আমাদের সঙ্গে একমত হয়ে মালিক সমিতির শ্রমিকরাও বাস চলাচল বন্ধ রেখেছে। এতে কুষ্টিয়ার কোনো বাস ছেড়ে যায়নি।
কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে বাস মিনিবাস শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দুটি দাবির কথা জানায়। এর একটি হলো পরিবহন সংশ্লিষ্ট মালিক যেসব সুযোগ-সুবিধা নেন শ্রমিকদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে। দ্বিতীয়ত শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচল করার অনুমোদন দিতে হবে। এসব দাবি পূরণ না করায় তারা সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছে। তবে ঢাকাগামী বাস চলছে।