logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

একই দিনে জন্মদিন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-উপহার পেয়ে এখনও বিস্ময়ে পিয়ারুল

একই দিনে জন্মদিন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা-উপহার পেয়ে এখনও বিস্ময়ে পিয়ারুল
প্রধানমন্ত্রীর উপহারপ্রাপ্ত পিয়ারুল ও তার মা। ছবি: এশিয়া পোস্ট

জীবনের একটি বিশেষ দিনে এমন উপহার পাবেন, তা কখনও কল্পনাও করেননি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মো. এনামুল হক পিয়ারুল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন তিনি। সেই পোস্ট নজরে আসে প্রধানমন্ত্রীর। এরপর পিয়ারুলের জন্য পাঠানো হয় শুভেচ্ছা কার্ড ও একটি পাঞ্জাবি।

প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন উপহার পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তিনি। এখনও যেন কাটছে না বিস্ময়ের ঘোর। আর ছেলের এমন প্রাপ্তিতে আবেগ ধরে রাখতে পারেননি মা মিনারা বেগমও। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছেলের জন্য পাঠানো উপহারের খবর শুনে নামাজ পড়ে দোয়া করেছেন তিনি।

Advertisement

গত শুক্রবার (২০ নভেম্বর) ছিল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। একই দিনে জন্মদিন ছিল সরাইল উপজেলার বাসিন্দা মো. এনামুল হক পিয়ারুলেরও। এ উপলক্ষে ফেসবুকে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট দেন পিয়ারুল। সেখানে দুজনের জন্মদিন একই দিনে হওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

পিয়ারুলের সেই পোস্ট নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পরে তার পক্ষ থেকে পিয়ারুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি কার্ড ও উপহার হিসেবে একটি পাঞ্জাবি পাঠানো হয়। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন অপ্রত্যাশিত উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পিয়ারুল। তার কাছে বিষয়টি এখনও যেন স্বপ্নের মতো।

সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. এনামুল হক পিয়ারুল বলেন, ‘আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি। এখনও বিস্ময়ের ঘোরের মধ্যে আছি। আমার মতো একজন সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জন্মদিনের শুভেচ্ছা ও উপহার পাঠাতে পারেন, এটা আমার কাছে অবিশ্বাস্য ব্যাপার। এটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে স্নেহ দেখিয়েছেন, সে জন্য আমি চিরকৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, জন্মদিনে আমরা সবাই প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছি। তিনি দেশকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা সবাই তাকে সহযোগিতা করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর প্রতিটি বার্তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করছি, যাতে তার স্বপ্ন অনুযায়ী বাংলাদেশ একটি সুন্দর ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়।

ছেলের এমন প্রাপ্তিতে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তার মা মিনারা বেগম। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে আমার ছেলে অনেক কষ্ট করেছে। মানুষের কথা শুনেছে অনেক। আজকে প্রধানমন্ত্রী আমার ছেলেকে যে উপহার পাঠিয়েছেন, তা দেখে আমি তারেক রহমানের জন্য নামাজ পড়ে মন থেকে দোয়া করেছি।

এদিকে প্রধানমন্ত্রীর পাঠানো উপহারের খবর ছড়িয়ে পড়লে পিয়ারুলের রাজনৈতিক সহযোদ্ধা ও গ্রামের মানুষের মধ্যেও আনন্দ ছড়িয়ে পড়ে। একজন তৃণমূল কর্মীর প্রতি প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা ও উপহার পাঠানোর ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তারাও।

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, তৃণমূলের একজন কর্মীর প্রতি প্রধানমন্ত্রীর এই ভালোবাসাই প্রমাণ করে তিনি সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। উনার নেতৃত্বেই দেশ সঠিক গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও প্রধানমন্ত্রী পিয়ারুলের মতো একজন তৃণমূলের কর্মীর জন্য জন্মদিনের উপহার পাঠিয়েছেন, বিষয়টি অভূতপূর্ব। পুরো উপজেলার মানুষ প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে আনন্দিত হয়েছে। আমরা সবাই প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।