logo
Advertisement

মাকে মারধর করায় ছোট ভাইকে হত্যা করল বড় ভাই

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
কিশোরগঞ্জ, ঢাকা
মাকে মারধর করায় ছোট ভাইকে হত্যা করল বড় ভাই
পাকুন্দিয়া থানা। ছবি: এশিয়া পোস্ট

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের টাকার জন্য মাকে মারধর করায় ছোট ভাই রিয়াদ মিয়াকে (২০) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার মঠখোলা চরদেওকান্দি এলাকায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত রিয়াদ মিয়া ও অভিযুক্ত হৃদয় মিয়া চরদেওকান্দি এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিয়াদ নিয়মিত মাদক সেবন করতেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই নিজের মাকে মারধর করতেন। ঘটনার দিন বড় ভাই হৃদয় ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়ি পৌঁছে তিনি জানতে পারেন মাদকের টাকার জন্য তার ছোট ভাই রিয়াদ আবারও মাকে মারধর করেছে। এ বিষয় নিয়ে রিয়াদকে জিজ্ঞাসাবাদ ও জবাবদিহি করতে গেলে দুই ভাইয়ের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ছোট ভাইয়ের বুকে ছুরি দিয়ে আঘাত করেন হৃদয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিয়াদ মিয়াকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, ঘটনার পরপরই খবর পেয়ে অভিযুক্ত হৃদয়কে আটক করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।