মানিকগঞ্জে শ্মশান থেকে খুলি চুরি, তিনজন গ্রেপ্তার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বোয়ালিয়া মহাশ্মশান থেকে কঙ্কালের খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি খুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধুলশুরা ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার তিনজন হলেন—উপজেলার ধুলশুরা ইউনিয়নের বাবুরহাটি এলাকার সুশীল সরকারের ছেলে শিশির সরকার, প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস এবং বোয়ালিয়া এলাকার নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস।
এর আগে শ্মশান থেকে খুলি চুরির ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চুরির অভিযোগে শ্মশান কমিটির সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে বুধবার বিকেলে হরিরামপুর থানায় একটি মামলা করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাতে বোয়ালিয়া মহাশ্মশান থেকে খুলি চুরির ঘটনা ঘটে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় অভিযুক্তদের গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।