চাঁদাবাজির দ্বন্ধে স্পিডবোট বন্ধ, ঘাটে মুক্তিযোদ্ধার মৃত্যু

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে পূর্বঘোষণা ছাড়া স্পিডবোট চলাচল বন্ধ রাখায় সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পেরে ঘাটে বসেই প্রাণ হারিয়েছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন (৭০)।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে সিরাজ উদ্দিনের মৃত্যু হয়।
মারা যাওয়া মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নের কাসেম মার্কেটসংলগ্ন রহমতেরগো বাড়ির বাসিন্দা ছিলেন।
নিহতের স্বজনেরা জানান, লিভারজনিত অসুস্থতার কারণে মঙ্গলবার রাতে সিরাজ উদ্দিনকে স্থানীয় গাছুয়া স্বাস্থ্য প্রকল্পে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার সকালে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন।
নিহতের ভাতিজা রেজাউল করিম বলেন, সকাল ৯টার দিকে চাচাকে নিয়ে গুপ্তছড়া ঘাটে আসি। জরুরি ভিত্তিতে চট্টগ্রামে নেওয়ার জন্য স্পিডবোটের খোঁজ করলে তারা বোট বন্ধ থাকার কথা জানায়। তখন ভাটা থাকায় ফেরি, স্টিমার কিংবা পণ্যবাহী নৌযানেও যাওয়ার সুযোগ ছিল না। নৌযানের অপেক্ষায় ঘাটে বসে থাকতে থাকতেই সাড়ে ১১টার দিকে চাচার মৃত্যু হয়।
কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট পরিচালনাকারী বিআইডব্লিউটিএ অনুমোদিত আদিল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জগলুল হোসেন নয়ন জানান, গুপ্তছড়া ঘাটের কাউন্টারে চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিবাদে তারা বোট বন্ধ রেখেছেন। নিরাপত্তা নিশ্চিত করা না হলে সার্ভিস চালু সম্ভব নয় বলে তিনি দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, বিষয়টি মূলত ইজারাদারদের দুপক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। আগে এই ঘাটের ইজারাদার ছিলেন সন্দ্বীপের সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন। তার পার্টনার ছিলেন নয়ন। ৫ আগস্টের পর কাগজে কলমে ঘাট নয়নের নামে দিয়ে দেওয়া হয়। আনোয়ার হোসেনের অংশ হস্তান্তর করা হয় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদের কাছে। অনেকদিন ধরে ওই অংশের পাওনা দিচ্ছেনা নয়ন। এটা নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব। এই কারণে স্পীডবোট বন্ধ করে দেয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক নয়ন শীল জানান, এটি মূলত তাদের ব্যবসায়িক দ্বন্দ্ব। দ্রুত বোট চালু না করলে লাইসেন্স বাতিল করা হবে বলে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, স্পিডবোট চলাচল বন্ধের বিষয়ে ইজারাদাররা আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এক মুক্তিযোদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



