Advertisement

মেহেরপুরের সেই গ্রামে পাওয়া গেল ৯৬টি মাইন

এশিয়া পোস্ট নিউজ, মেহেরপুর
মেহেরপুরের সেই গ্রামে পাওয়া গেল ৯৬টি মাইন
মাইন উদ্ধারের পর নেওয়া হয় নিষ্ক্রিয় করার জন্য। ছবি: এশিয়া পোস্ট

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রাম থেকে ৯৬টি মাইন উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল। এর মধ্যে ৭৯টি এন্টি পার্সোনেল মাইন ও ১৭টি এন্টি ট্যাংক মাইন রয়েছে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাস্থল থেকে এশিয়া পোস্টের প্রতিবেদক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার দুপুরে সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী একটি দল বেতবাড়িয়া গ্রামে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার করা এসব বিস্ফোরক নিষ্ক্রিয় করতে পার্শ্ববর্তী গ্রাম মধুগাড়িতে নেওয়া হয়েছে।

শনিবার বেতবাড়িয়া গ্রামের কালু মালিথার একটি পরিত্যক্ত জমিতে মাইনসদৃশ কয়েকটি বস্তু দেখতে পান স্থানীয়রা। বস্তুগুলোর কয়েকটিতে ইংরেজিতে ‘MPI 1967 MINE A/PERS ND P2 MK2’ লেখা রয়েছে। ওই দিন থেকে বস্তুগুলো কর্ডন করে পাহারা দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব, পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা।

ঘটনাস্থল কর্ডন করে মাইন উদ্ধার করে সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল। ছবি: এশিয়া পোস্ট
ঘটনাস্থল কর্ডন করে মাইন উদ্ধার করে সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল। ছবি: এশিয়া পোস্ট

পুলিশের একটি সূত্র এশিয়া পোস্টকে জানায়, বিস্ফোরক নিষ্ক্রিয়কারী ইউনিট পাঠানোর জন্য শনিবার পুলিশ সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছিল। পুলিশ সদর দপ্তরের বিস্ফোরক নিষ্ক্রিয়কারী ইউনিট বর্তমানে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কক্সবাজার ও চট্টগ্রামে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। পরে যশোর সেনানিবাসে যোগাযোগ করে বিস্ফোরক নিষ্ক্রিয়কারী ইউনিট পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়।

বিষয়টি নিয়ে জানতে রোববার সন্ধ্যায় যশোর সেনানিবাসের একটি সূত্রের সঙ্গে যোগাযোগ করে এশিয়া পোস্ট। সূত্রের তথ্যমতে, সেনানিবাস থেকে একজন ওয়ারেন্ট অফিসারের নেতৃত্বে একটি টিম সোমবার সকালে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।