ঝালকাঠিতে মাদক ও অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

ঝালকাঠির নলছিটিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার ও লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে উপজেলার পৌর এলাকার অনুরাগ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন উপজেলার পৌর এলাকার গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫), একই এলাকার সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)। গিয়াস মল্লিক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং সোহরাব আকন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।
এ বিষয়ে সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর বলেন, আটক ব্যক্তিদের নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।