Advertisement

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে খুলনায় জামায়াতের গণমিছিল

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে খুলনায় জামায়াতের গণমিছিল
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে খুলনায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি : এশিয়া পোস্ট

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে খুলনায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেলে খুলনা মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর নিউমার্কেট এলাকার বায়তুন নূর জামে মসজিদ কমপ্লেক্সের দক্ষিণ গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে দলটির নেতারা ‘জুলাই সনদ’ ও গণভোটের গণরায় বাস্তবায়নের জোর দাবি জানান। একই সঙ্গে আগামীতে ‘স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ’ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, যে লক্ষ্য নিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ছাত্র-জনতার অসামান্য আত্মত্যাগের ওপর দাঁড়িয়েই বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তাই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে হবে। দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ কাউকে ছাড়বে না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সত্য, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে দলটি কখনো আপস করবে না। একই সঙ্গে টেকসই গণতন্ত্র ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণের আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ অপশাসন ও দুঃশাসন চালিয়েছে এবং শেষ পর্যন্ত ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়েছে। দলটি পুনরায় রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে দাবি করে তিনি বলেন, জনগণ সেই প্রচেষ্টা কখনো সফল হতে দেবে না। পাশাপাশি নতুন করে কেউ স্বৈরাচারী আচরণ করলেও তা মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি।

সমাবেশে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল ছাত্র-জনতার সর্বজনীন আন্দোলন। এর মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা।

সংস্কার কমিশনের সুপারিশ ও জুলাই সনদের বিষয়গুলো বাস্তবায়নে সরকার আন্তরিকতার পরিচয় দিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি কিছু সংস্কার প্রস্তাবের বিষয়ে বিএনপি আপত্তি জানিয়েছে বলেও দাবি করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন খুলনা মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা কবিরুল ইসলাম, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী ও ছাত্রশিবিরের মহানগর সভাপতি রাকিব হাসানসহ স্থানীয় নেতারা।

সমাবেশ শেষে নিউমার্কেট এলাকা থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শিববাড়ী মোড়, পাওয়ার হাউস মোড় ও ফেরিঘাট মোড় প্রদক্ষিণ করে ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর ও বিভিন্ন রাজনৈতিক দাবিতে স্লোগান দেন।

বিষয় :খুলনা