logo

বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি: এশিয়া পোস্ট

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে দুপচাঁচিয়া ও দুপুরে ধুনটে দুর্ঘটনা দুটি ঘটে। এর মধ্যে ধুনটে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী এবং দুপচাঁচিয়ায় বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে চালক নিহত হন।

Advertisement

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেলে ধুনটের দিকে যাচ্ছিলেন উজ্জল সরকার ও শিখর। দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় পৌঁছালে ধুনট থেকে শেরপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে উজ্জল সরকার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত শিখরকে স্থানীয় লোকজন উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়।

ধুনট ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, দুপুর ১২টা ৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। সেখানে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান। পরে তিনিও মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

অন্যদিকে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের মাঠের পুকুর এলাকায় বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাখাওয়াত হোসেন (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ইজিবাইকের চালক ছিলেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান বলেন, সকালে দুপচাঁচিয়ায় দুধ বিক্রি করে ইজিবাইক নিয়ে বাড়ি ফিরছিলেন সাখাওয়াত হোসেন। পথে মাঠের পুকুর এলাকায় আক্কেলপুর থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে তার ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অপর ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।