গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান টিটন মিয়া নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদুজ্জামান টিটন ওই গ্রামের সাইদার রহমানের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আসাদুজ্জামান টিটন ছুটি নিয়ে শনিবার গ্রামের বাড়িতে আসেন। সন্ধ্যায় বিদ্যুৎ চলে গেলে তিনি নিজেই বাড়ির আইপিএস মেরামত করতে শুরু করেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


