সেই গ্রামে গান-বাজনা নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়াগ্ৰামে গান-বাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধ করে জারি করা বিতর্কিত ঘোষণাটি শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় মসজিদ কমিটি ও মুসল্লিরা।
রোববার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজনের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা তাদের পূর্বের অবস্থান থেকে সরে আসার ঘোষণা দেন এবং ভবিষ্যতে এ ধরনের কোনো পদক্ষেপ না নেওয়ার অঙ্গীকার করেন। এ সময় মসজিদ কমিটির সদস্যরা তাদের ভুলের জন্য দুঃখপ্রকাশ করে একটি লিখিত মুচলেকা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুচলেকায় মসজিদ কমিটি উল্লেখ করেছে- না বুঝেই নোটিশ ও আইনের কথা উল্লেখ করেছিল। এর জন্য তারা অনুতপ্ত এবং ভবিষ্যতে আর কখনো আইন নিজেদের হাতে তুলে নেবে না।
এর আগে ‘সমাজ রক্ষা কমিটি’ নামের একটি সংগঠনের ব্যানারে দুই মাস ধরে ওই গ্রামে গান-বাজনা ‘নিষিদ্ধ’ উল্লেখ করে সামাজিক কড়াকড়ি আরোপের চেষ্টা চলছিল। গ্রামের বিভিন্ন স্থানে সাঁটানো ওই নোটিশে গান-বাজনাকে ‘অপসংস্কৃতি’ ও ‘ক্ষতিকর’ আখ্যা দিয়ে উচ্চশব্দে বাদ্যযন্ত্র বা গান বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এমনকি যারা এই নিয়ম অমান্য করবে, তাদের বিরুদ্ধে তথাকথিত ‘আইনগত ব্যবস্থা’ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।
বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা পুলিশ সেখানে অভিযান চালিয়ে ব্যানার ও নোটিশগুলো অপসারণ করে।