পদ-পদবি নয়, মামলা প্রত্যাহারে বিএনপি নেতার আকুতি

আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দুই বছর পার হলেও বিগত আমলের মিথ্যা ও রাজনৈতিক মামলা পুরোপুরি প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ ও আকুতি প্রকাশ করেছেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক। দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গাড়ি-বাড়ি, টাকা-পয়সা পরে দিয়েন, আগে আমাদের মামলাগুলো শেষ করেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের মিড টাউন রেস্টুরেন্টে জেলা বিএনপি আয়োজিত দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় আক্ষেপ করে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের আমলে ফেনীতে সর্বোচ্চ রাজনৈতিক মামলার আসামি হিসেবে পরিচিত যুবদলের এই সাবেক সভাপতি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের এত দিন পরও আমাদের বিরুদ্ধে থাকা জটিল হত্যা ও অস্ত্র মামলাগুলো রয়ে গেছে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি পাল্টালে এসব মামলা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এখনও আমাদের হাত-পা বাঁধা, অনেক কথা স্বাধীনভাবে বলতে পারছি না।
অনুষ্ঠানে দলীয় মূল্যায়নের বিষয়ে জানতে চাইলে গাজী হাবিবুল্লাহ মানিক পরবর্তীতে সাংবাদিকদের বলেন, বিগত দিনে আন্দোলন-সংগ্রামে রাজপথে থেকে সর্বোচ্চ ৯৫টি মামলার আসামি হয়েছি, এমনকি ফাঁসির আসামিদের সেলেও রাখা হয়েছিল। অথচ আজ কোনো মূল্যায়ন পাইনি। সেই অন্তর্জ্বালা ও কষ্ট থেকেই প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে এমন কথা বলেছি।
এদিকে মামলা প্রত্যাহারের বিষয়ে ফেনী জজ আদালতের পাবলিক প্রসেকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন এশিয়া পোস্টকে জানান, রাজনৈতিক মামলা প্রত্যাহার একটি চলমান প্রক্রিয়া। ইতিমধ্যে জেলায় ৫৫৪টি মামলা প্রত্যাহারের আবেদনের মধ্যে ২৫৬টি প্রত্যাহার করা হয়েছে।
তিনি আরও জানান, নতুন করে ২৭টি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং ১৩০টি আবেদন যাচাই-বাছাই চলছে। জেলা প্রশাসকের কার্যালয় ও গোয়েন্দা সংস্থার মতামতের ওপর ভিত্তি করে এসব মামলা প্রত্যাহার হয়, তাই কিছুটা সময় লাগছে।
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্যসচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। সভায় জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা বক্তব্য দেন।



