logo

গণতান্ত্রিক পথে যাত্রা শুরু হবে ১২ তারিখ: পুতুল 

গণতান্ত্রিক পথে যাত্রা শুরু হবে ১২ তারিখ: পুতুল 

নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দীর্ঘকাল পর আমাদের সামনে সেই সুযোগ এসেছে বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রার পথে নিয়ে যেতে। সেই যাত্রা শুরু হবে আগামী ১২ তারিখে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া দেশের জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, অনেকেই এখন জনগণের কাছে ভোট চাচ্ছে কিন্তু তাদের কাছে কোনো এজেন্ডা নেই। ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। কেউ কেউ বিএনপি থেকে বের হয়ে গিয়ে নাম ভাঙিয়ে বলছে আমাকে অন্য মার্কায় ভোট দেন। আমি আন্তরিকতার সঙ্গে তাদের বলছি আপনারা বিএনপির নাম নিবেন না। 

একটি অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ গড়তে বিএনপি পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই- যে বাংলাদেশে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান ভেদাভেদ থাকবে না। কোনো দল করার কারণে বা কোনো ধর্মের অনুসারী হওয়ার কারণে ন্যায্য চাকরি পাওয়া থেকে বঞ্চিত হবে না। 

পুতুল বলেন, বিএনপি নারীদের অধিকার সমুন্নত রাখতে চায়। আমরা নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। আমাদের যে মা-বোনরা ঘরে থেকে দেশ গঠনে সহযোগিতা করছেন তাদের আমরা স্বীকৃতি দিতে চাই।

তিনি বলেন, বাংলাদেশে বিগত দিনে তথাকথিত রাজনীতিবিদ তৈরি হয়েছে। যারা রাজনীতিবিদ সংজ্ঞাটিকে কলঙ্কিত করেছে। তাদের মুখের ভাষা, চালচলনে বোঝা যায় তারা কেমন রাজনীতিবিদ। আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে বাংলাদেশ গড়ার জন্য দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন, সে বাংলাদেশ গড়ার পথে কেউ বাধা হলে বাংলাদেশের জনগণ আর ছাড় দেবে না।

তিনি আরও বলেন, নারীদের অর্থনৈতিক মুক্তির জন্য আমার বাবা ফজলুর রহমান পটল অনেক কাজ করে গিয়েছেন। শুধু তাই নয়, লালপুর বাগাতিপাড়ার সমগ্র উন্নয়ন তার সময়ই হয়েছে। সেই উন্নয়নের চাকা তার মৃত্যুর পরে বন্ধ হয়ে যায়। আমি সেখান থেকে শুরু করতে চাই। উন্নয়নের চাকা আবারও ঘুরতে শুরু করবে। 

সভায় উপস্থিত ছিলেন- নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পু, প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ইফতেখার আরশাদ প্রতীক প্রমুখ।