ইউপি নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
-4eb261-720x405.webp)
কিশোরগঞ্জের হোসেনপুরে আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের হাজীপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আজহারের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আধিপত্য বিস্তার ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। এর জের ধরে রোববার দুপুরে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এতে অন্তত ১৫ জন আহত হন।
জিনারী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম রহিদ বলেন, সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুছ ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আজহারের সমর্থকদের মধ্যে নির্বাচনকেন্দ্রিক বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছে। রোববার দুপুরে হঠাৎ করেই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, আধিপত্যকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

