logo

শিবচরে মহাসড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন

শিবচরে মহাসড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন
শিবচরে মহাসড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি থেকে পদ্মা সেতু পর্যন্ত মহাসড়ক অবরোধ করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (২৯ নভেম্বর) ভোরে মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সড়কে অবস্থান নেওয়ার পাশাপাশি দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকেই অবরোধকারীরা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। সকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা যায়নি।

Advertisement

স্থানীয় বাসিন্দারা বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং বোমা বিস্ফোরণের ঘটনায় তারা আতঙ্কিত ছিলেন। ছেলেমেয়ে নিয়ে ভয়ের মধ্যে রাত কাটাতে হয়েছে।

খুলনা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা নামের বাসের চালক আরিফ মিয়া বলেন, খুলনা থেকে গাড়ি নিয়ে মাদারীপুরের শিবচরের পাচ্চার পার হলেই সড়কে অবরোধ দেখতে পাই। আশপাশে বোমা বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। ভয়ে গাড়ি চালাতে পারিনি। পরে যাত্রীদের নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা স্বপন হাওলাদার বলেন, পুলিশ প্রশাসনের গাফিলতির কারণে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এত সাহস পেয়েছেন।

এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন মাঠে রয়েছে। যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।