logo
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

বিএনপি প্রার্থীকে নিয়ে অশালীন মন্তব্য, জামায়াত নেতাকে জরিমানা

বিএনপি প্রার্থীকে নিয়ে অশালীন মন্তব্য, জামায়াত নেতাকে জরিমানা
রুহিয়া থানা জামায়াতের আমির মো. আবদুর রশিদ। ছবি : এশিয়া পোস্ট

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনকে নিয়ে অশালীন ও আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার অভিযোগে রুহিয়া থানা জামায়াতের আমির মো. আবদুর রশিদকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তকারী কমিটি এ আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হলেও তিনি অর্থ পরিশোধ করেছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সকালে রুহিয়া থানার আখানগর ইউনিয়নের বলিতাপাড়ায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনি সভা অনুষ্ঠিত হয়। সভায় আবদুর রশিদ ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিনকে নিয়ে মাইকে অশালীন ভাষায় কুৎসা রটান এবং আক্রমণাত্মক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ১৫(ক) বিধি লঙ্ঘনের অভিযোগে আবদুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে এবং সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করে।

সদর উপজেলা সরকারি রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে অভিযুক্তকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, নির্বাচনি সভায় বক্তব্য দেওয়ার সময় আবদুর রশিদ সামান্য ভুল কথা বলেছেন। তারা জরিমানার অর্থ পরিশোধ করেছেন।