চকরিয়ায় বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুজনের

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
চকরিয়ায় বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুজনের
মৃত আতাউল্লাহ ও সুজিত দাশ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃতরা হলেন উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খোজাখালী জলদাশ পাড়ার তুফান দাশের ছেলে সুজিত দাশ এবং বরইতলী ইউনিয়নের শান্তিবাজার ফতেহ আলী সিকদারপাড়ার মাওলানা নেছার আহমদের ছেলে হাফেজ আতাউল্লাহ।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উত্তর জোনের পরিদর্শক দিদারুল হক জানান, শনিবার বিকেলে কৈয়ারবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খোজাখালী জলদাশপাড়া এলাকায় বন্যার পানিতে পড়ে সুজিত দাশ নিখোঁজ হয়। সে সময় তার সঙ্গে আরও তিন বন্ধু ছিল। অন্যরা ফিরে এলেও সুজিত নিখোঁজ ছিলেন।

তিনি জানান, খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। প্রবল স্রোতের কারণে তাৎক্ষণিক তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার বিকেল ৩টার দিকে মাতামুহুরী নদীর তীরসংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

দিদারুল হক জানান, নিখোঁজ হওয়ার স্থানে পানির প্রবল স্রোত থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হয়েছিল। পরে ডুবুরি দল অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার বিকেল ৫টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শান্তিবাজার ফতেহ আলী সিকদারপাড়া এলাকায় বন্যার পানিতে ডুবে হাফেজ আতাউল্লাহ নামে এক যুবক অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরইতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নাছিম হেজাজী আতাউল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, বন্যার পানিতে ডুবে মারা যাওয়া দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।